চট্টগ্রামের পটিয়ায় একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ১৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত সবাই সাতকানিয়ার বাসিন্দা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর বলেন, ‘রাত সাড়ে ১১টা থেকে রোগীদের এখানে আনা হয়। এখন পর্যন্ত ১৭জন দগ্ধ রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে। কয়েকজনের শরীর ২৫ শতাংশের বেশি পুড়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি।’
প্রত্যক্ষদর্শীরা জানা যায়, সাতকানিয়া উপজেলার ঢাকা মেট্টো- চ-১৩-৩০৬৬ একটি মাইক্রোবাস নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এক প্রবাসীকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠায়। গুরুতর দগ্ধ ১৬ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে ১৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মো. রুবেল (২২), মোহাম্মদ মামুন (১৯), মোহাম্মদ আব্দুল আলম (২০), মোহাম্মদ ইদ্রিস (৫০), সাইদুর রহমান (১৬), বেলাল হোসেন (২২), মো. সোহাগ (১৩), মো. হেলাল (২২), মোহাম্মদ আরিফ (১৩), মোহাম্মদ জহির (১৭), তৌহিদুল ইসলাম (২৮), আবুল কালাম (৪৫), আরিফ হোসেন (৩ বছর ৬ মাস), দলোয়ার হোসেন (২০), জাহাঙ্গীর আলম (৩৫) ও মো. সাদেক (১৫)।