চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় খুচরা ও পাইকারী গুরুত্বপূর্ণ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ও মান মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের দুইটি টিম আজ ২৮ এপ্রিল অভিযান পরিচালনা করে।
আজকে সকাল ১০-৩০ টা থেকে দুপুর ১২-৩০ টা পর্যন্ত মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম(০১৭৪৮১২১৩০২) এর নেতৃত্বে বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি বাদশা সোলায়মান ও সম্পাদক উপস্থিত ছিলেন।
অভিযানের সময় ব্যবসায়ী সমিতি ও দোকান মালিকদের কে যথাযথ ভাবে ক্রয়-বিক্রয় মূল্য প্রদর্শন পূর্বক মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের যথাযথ রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। এসময় খাদ্যজাতীয় পণ্য বিশেষভাবে খেজুর গুদামজাতের জন্য যথাযথ স্বাস্থ্যকর প্রক্রিয়া অনুসরণের নির্দেশনাও দেয়া হয়েছে।
অভিযানে মূল্য তালিকা না থাকায় একটি ছোলাবুট ও ডালের পাইকারি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর ভাবে খেজুর সংরক্ষণের দায়ে খেজুরের একটি আড়তকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনাব মোঃ ইসমাইল হোসেন, সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম (মোবাইলঃ ০১৭৯৮৫০০০৩৩) অপর অভিযানটি পরিচালনা করেন দেশের অন্যতম বৃহত্তম বাজার রেয়াজুদ্দিন বাজারে। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি মুদি দোকান ও একটি মুরগীর দোকানকে মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি না করার দায়ে পৃথক দুইটি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না থাকায় কাঁচাবাজারের একটি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজার মনিটরিং/ মোবাইল কোর্ট পরিচালনায় চেম্বার প্রতিনিধি মোকাম্মেল হক,এবং সিএমপি পুলিশ সহযোগিতা করেন। মনিটরিং কার্যক্রমের সময় উভয় বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।