Thursday, August 27

জাহাজ চলাচল বন্ধ, তদন্ত কমিটি গঠিত
চট্টগ্রাম বন্দরের কাছে দুটি কন্টেইনার জাহাজের মুখোমুখি সংঘর্ষ

0

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথের মুখে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় দুটি কন্টেইনার জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বন্দরের জেটি থেকে কোনো জাহাজ বের হতে পারছে না, কোনো জাহাজ বাইরে থেকেও বন্দরে প্রবেশ করতে পারছে না। টাগ বোট দিয়ে জাহাজ দু’টিকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আজ শুক্রবার (১৪ জুন) সকাল পৌনে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। তবে সংঘর্ষে জাহাজ দুটি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষনিক জানাতে পারেন নি বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এই সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘একটি ওয়েল ট্যাংকার বন্দরের জেটি থেকে বহির্নোঙ্গরের দিকে যাচ্ছিল, অন্যদিকে বহির্নোঙ্গর থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ বন্দরের জেটিতে প্রবেশ করছিল। অন্য একটি জাহাজকে বাঁচাতে গিয়ে ওই দুইটি জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।’

সচিব বলেন, জাহাজ দু’টিকে টাগ বোট দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। জাহাজ দু’টি সরিয়ে নেওয়া গেলে বন্দরে জাহাজ যাতায়াত শুরু হবে।

এদিকে দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলমের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.