মারা গেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক বাবু টিংকু দাশ (৪৭)। তিনি আজ (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার ভোর ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নগর বিএনপির সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকাল ৪টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে শেষ শ্রদ্ধা জানানো হবে।
টিংকু দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শাহাদাত হোসেন,নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান।
ডা.শাহাদাত হোসেন এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ছাত্রদল থেকে উঠে আসা বাবু টিংকু দাস দলের জন্য নিবেদিত ছিলেন। জেল, জুলুম, হুলিয়া নিয়েই সারাক্ষণ দৌড়তে হতো। আজ এই দুঃসময়ে চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক বাবু টিংকু দাশের অকাল মৃত্যুতে দলের এক নিষ্ঠাবান নেতাকে হারাল। আমরা তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।