Monday, September 7

চট্টগ্রাম-৬ আসনে বেসরকারি ফলাফলে নৌকার ফজলে করিম চৌধুরী জয়ী

0

চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে মহাজোট প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী নৌকা প্রতীকে ২ লাখ ৩১ হাজার ৪৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেছে।

এই বিজয়ের মাধ্যমে তিনি চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী জসিম উদ্দিন সিকদার ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৩০৭ ভোট। ২ লাখ ২৯ হাজার ১৩৫ ভোটের ব্যবধানে এবিএম ফজলে করিম চৌধুরী বেসরকারিভাবে বিজয় লাভ করে রাউজানের অতীতে সকল সাধারণ নির্বাচনের রেকর্ড ভঙ্গ করে ইতিহাস স্থাপন করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত অপর প্রার্থী আবদুল আলী হাত পাখা প্রতীকে ভোট পান ১৪১৭টি।

এই আসনে মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৭৬০ জন। এদের মধ্যে ৮৪টি কেন্দ্রের ৪৭১টি কক্ষে ২লাখ ৩৫ হাজার ১৬৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটারদের ৮৬.৮৫ শতাংশ।

সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এবিএম ফজলে করিম চৌধুরী উপস্থিত হয়ে রাউজানের দলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এবার স্বাধীনতা স্বপক্ষের শক্তির বিজয় হয়েছে। আমি রাউজানের অভিভাবক। আমার দলীয় নেতাকর্মী ছাড়াও অন্যরা সকলে আমার ভাই। আমি কারো কোনো ক্ষতি চাই না। কোন হানাহানি সংঘাত চাই না।’

এই সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সংসদ পুত্র ফরাজ করিম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, সহ-সভাপতি সুমন দে, যুগ্ম-সাধারণ সম্পাদক আহছান হাবীব হাছান প্রমুখ। ইত্তেফাক

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.