Sunday, August 30

চবি’র ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে শাটল ও ডেমু ট্রেনের পরিবর্তিত সময়সূচি

0

চবি প্রতিনিধি: আগামীকাল রোববার (২৭ অক্টোবর) থেকে ৫ দিনব্যাপী শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে চট্টগ্রাম শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে চলাচলকারী শাটল ও ডেমু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে (২৭-৩১ অক্টোবর) প্রতিদিন ২২ বার আসা-যাওয়া করবে শাটল ট্রেন ও ডেমু ট্রেন। বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ভর্তি পরীক্ষাবিষয়ক গণমাধ্যম সমন্বয়কারী রেজাউল করিম।

জানা গেছে, এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব বিভাগ ও ইনস্টিটিউটের ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৮৭০টি। এ বছর চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে আসনপ্রতি লড়বে ৩৪ জন।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুসারে রোববার ২৭ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘এ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩১ অক্টোবর ‘বি১’ ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন সময়সূচি অনুয়ায়ী শাটল ট্রেন সকাল ৬টা, ৬টা ৩০ মিনিট, ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, সকাল ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা, বিকেল ৩টা, বিকেল ৪টা ও রাত ৮টা ৩০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাবে। এ ছাড়া দুটি ডেমু ট্রেন সকাল ৯টা ১৫ মিনিট এবং দুপুর ১টা ৫০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে ছাড়বে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চট্টগ্রাম স্টেশন অভিমুখী শাটল ট্রেন সকাল ৭টা ৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা, দুপুর ১টা, ১টা ৩০ মিনিট, বিকেল ৫টা, ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ১০ মিনিটে ছেড়ে যাবে। এছাড়া দুটি ডেমু ট্রেন দুপুর ১টা ৩০ মিনিট ও বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।

ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, ‘ভর্তি পরীক্ষা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভর্তি জালিয়াতিসহ সংশ্লিষ্ট নানা অপরাধে শাস্তি দিতে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব-৭, হাটহাজারী উপজেলা প্রশাসন, পিডিবি, সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং রেল কর্তৃপক্ষ যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করেছে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে যেকোনো ধরনের অসদুপায়, অপতৎপরতা ও গুজব সন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.