Thursday, September 3

চমক রেখেই নিজেদের স্কোয়াড ঘোষণা করলো নিউজিল্যান্ড

0

বিশ্বকাপের বাকি আর দুই মাস। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে প্রথম দল হিসেবে নিজেদের স্কোয়াড ঘোষণা করলো নিউজিল্যান্ড। যদিও এপ্রিলের মাঝেই দলগুলোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।
বুধবার (০৩ এপ্রিল) ক্রাইস্টচার্চে ১৫ সদস্যের স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।

কেন উইলিয়ামসনকে অধিনায়ক করা হয়েছে। এই স্কোয়াডে অনেকটা চমক হিসেবে রয়েছেন লেগ স্পিনার ইশ সোধি ও নবাগত উইকেটরক্ষক টম ব্লান্ডেল। টড অ্যাস্টেল না সোধি, মিচেল স্যান্টনারের সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে কে খেলবেন, সেটা নিয়েই ছিল প্রশ্ন। শেষ পর্যন্ত নির্বাচকরা ৩০ ওয়ানডেতে ৩৯ উইকেট নেয়া সোধিকেই বেছে নিয়েছেন।
এছাড়া টিম সেইফার্টের ইনজুরিতে অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন এখন পর্যন্ত কোনও ওয়ানডে না খেলা ব্লান্ডেল। টম লাথামের বিকল্প কিপার হিসেবে দলে আছেন নবাগত ব্লান্ডেল। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি তার।

দলে অন্যদের মধ্যে ওপেনার মার্টিন গাপটিলের সঙ্গে জায়গা করে নিয়েছেন কলিন মুনরো। যদিও রিজার্ভ ওপেনার হিসেবে হেনরি নিকোলসও রয়েছেন। পেস বোলার অলরাউন্ডার হিসেবে জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোমের নাম রয়েছে। এছাড়া আরেক অলরাউন্ডার হিসেবে আছেন মিচেল স্যান্টনার। তিনি দলের মূল স্পিনারের ভূমিকায়ও থাকবেন। মিডল অর্ডারে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর রয়েছেন। আর পেসার হিসেবে বরাবরই টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের ওপর ভরসা রেখেছেন কিউই নির্বাচকরা।

নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক গ্যারি স্টেড বলেন, ‘১৫ জনের দল নির্বাচন করা খুবই কঠিন কাজ। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করা সহজ না। এরকম সময়ে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমরা চেয়েছি স্কোয়াডে ভারসাম্য থাকুক। গত কয়েক বছর ধরে আমাদের ওয়ানডে দলটা ভালো খেলছে। প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করতে পারাটা দারুণ ব্যাপার। যারা দলে আছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি। বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। আশা করি সবাই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।’
আগামী ৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপের। আর ১ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কার্ডিফে মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকলস, রস টেলর, টম লাথাম, কলিন মানরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশম, ইশ সোধি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.