রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ছাত্রীর পাশে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার আছে বলে জানিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, আমরা খুবই মর্মাহত, চরম দুঃখজনক ঘটনা এটি। হাসপাতালে তাকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। ঢাবি কর্তৃপক্ষ তার অভিভাবক। বাবাসহ পরিবারের লোকজন তার সঙ্গে আছে।
সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ঢাবি ভিসি।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, তার অভিভাবকত্ব যেহেতু আমাদের, তাই তার সর্বোত্তম দায়িত্ব আমাদের। আমাদের সবটুকু তার জন্য নিবেদিত। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর আছে। পুলিশকে অনুরোধ করেছি নরপিশাচকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য।
উল্লেখ্য, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তিরা তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন। সহপাঠীদের খবর দিলে তারা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রোববার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।