Sunday, September 20

চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী রানী সরকার আর নেই।

0

চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী রানী সরকার আর নেই। আজ শনিবার ভোররাত চারটার দিকে রাজধানীর ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

রানী সরকার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। সোনাতলা গ্রামের ইউপি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর তিনি খুলনা করোনেশন গার্লস স্কুল থেকে মেট্রিক পাস করেন।

রানী সরকারের অভিনয়জীবন শুরু করেন ১৯৫৮ সালে। শুরুতেই মঞ্চনাটকে অভিনয় করেন। নাটকের নাম ‘বঙ্গের বর্গী’। ওই বছর তার চলচ্চিত্রে অভিষেক হয় এ জে কারদার পরিচালিত ‘দূর হ্যায় সুখ কা গাঁও’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘চান্দা’তে অভিনয় করেন। সেই ছায়াছবির পর থেকে তার নতুন নাম হয় রানী সরকার। ‘চান্দা’ চলচ্চিত্রের সাফল্যের পর উর্দু সিনেমা ‘তালাশ’ ও বাংলা ছায়াছবি ‘নতুন সুর’-এ কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। এই সিনেমা দুটি বেশ জনপ্রিয় হয়। গত শতকের ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে তিনি বেশি অভিনয় করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকা অর্থ সহায়তা দেন। একই বছর বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় তাকে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে তালাশ, বন্ধন, সঙ্গম, ইম ধরতি পার, আজান, কাঁচের দেয়াল, কাঁচ কাটা হীরে, বেহুলা, আনোয়ারা, ছদ্ধবেশী, ভাওয়াল সন্ন্যাসী, তিতাস একটি নদীর নাম, চন্দ্রনাথ, শুভদা, দেবদাস প্রভৃতি।

রানী সরকার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিংগুলার নাম্বার’।

এদিকে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকারের মৃত্যুতে শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে সংঘটনটির সভাপতি জনপ্রিয় অভিনেতা ডি.এ তায়েব ও সাধারণ সম্পাদক জি.এম সৈকত গভীর শোক প্রকাশ করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.