চলতি অর্থবছরে (২০১৭-১৮) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এছাড়া চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ ডলার। যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৬১০ ডলার। এতে আগের বছরের চেয়ে আয় বাড়ল ১৪২ ডলার।
জাতীয় অর্থসূচকের এ উন্নতির জন্য প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠক থেকে জানা যায়, চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ দাঁড়াবে বলেও আলোচনা হয়েছে একনেক বৈঠকে। জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে ছিল ৭ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরে এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। তবে অর্জন লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাচ্ছে বলে বৈঠকে জানান পরিকল্পনামন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়।