সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী মনোনীত মেয়র প্রার্থীর বিজয়ের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডারদেরকে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছেন।
আজ ৩ মার্চ সন্ধ্যায় টায়গারপাসস্থ চসিক কনফারেন্স হলে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডাররা সিটি মেয়রের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মত বিনিময়ে মেয়র মহানগরের মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারদের প্রতি এ আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সফর আলী, মুক্তিযোদ্ধা গোলাম রহমান, মুক্তিযোদ্ধা মালেক খান, খুলশী কমান্ডার ডা. মো. ইউসুফ, পাহাড়তলী কমান্ডার হাজী জাফর আহমদ, বন্ধর কমান্ডার কামরুল আলম, পতেঙ্গা কমান্ডার জাকির হোসেন, হালিশহর কমান্ডার হাজী ইউনুচ, পাঁচলাইশ কমান্ডার আহামদ মিয়া, চান্দগাঁও কমান্ডার কুতুব উদ্দীন, বাকলিয়া কমান্ডার আলী হোসেন, কোতোয়ালী ডেপুটি কমান্ডার রফিকুল আলম, আকবরশাহ ডেপুটি কমান্ডার মো. নূরউদ্দীন, আইনজীবী কমান্ডার এড. জহির হোসেন, মুক্তিযোদ্ধা সৈয়দ আহামদ, সরোয়ার দুলু, আবদুশুক্কুর, মঞ্জুমিয়া, শাহ আলম, শামসুল হুদা, সার্জেন্ট তাহের ও থানা কমান্ডারবৃন্দ।
মতবিনিময় সভায় সিটি মেয়র বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশের বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতেও সরকারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানদের কল্যাণে ভূমিকা অব্যাহত থাকবে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পাকা বাড়ি তৈরি করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি প্রকল্প গ্রহন করে চসিক। প্রকল্পের নাম গৃহ নির্মাণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় গৃহহীণ অসচ্ছল ৫০ জন মুক্তিযোদ্ধাদেরকে গৃহ নির্মাণ করে দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।ইতোমধ্যে ৫জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে । শিঘ্রই আরো ৫জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সভায় মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার নেতৃবৃন্দ অসচ্ছল মুক্তিযোদ্ধাদেরকে গৃহ নির্মাণ প্রকল্প গ্রহণের জন্য সিটি মেয়রের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাগণ সিটি মেয়রকে আজীবন সহযোগিতা করবেন।আগামীতে মুক্তিযোদ্ধাগণ সিটি মেয়রের পাশে থাকবে বলে তারা আশ্বস্ত করেন।
সিটি মেয়র তাঁর বক্তব্যে আরো বলেন মু্ক্তিযোদ্ধারা জাতির অতন্দ্র প্রহরী,তাদের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।জাতি মুক্তিযোদ্ধাদের কাছে চির ঋণী ।সিটি নির্বাচন প্রসঙ্গে মেয়র বলেন আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন।এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা একজন বীর মুক্তিযোদ্ধাকে মনোয়ন দিয়েছেন । নৌকা তাঁর প্রতীক, তাকে সর্বপ্রকার সার্বিক সহযোগিতা দিয়ে নির্বাচিত করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান মেয়র।