চাঁদপুর সদর উপজেলায় এক বাড়িতে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত চারজন একই পরিবারের সদস্য বলে জানা যায়। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও দুই শিশু মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মাইনুদ্দিন সর্দার (৩৫) নামে এক যুবক। আজ সোমবার সকালে দেবপুর গ্রামের বড়হুজুরের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন মাইনুদ্দীন (২৬), তার স্ত্রী ফাতেমা বেগম (২৪), তার দুই সন্তান মিথিলা (৫) ও সিয়াম (১)।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি নাসিম উদ্দীন জানান, মাইনুদ্দিন সর্দার একটি বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে চট্টগ্রামে থাকতেন। এ কারণে তার স্ত্রী ও দুই মেয়ে একই এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ফিরে স্ত্রী ও মেয়েদের তিনি দেবপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন। রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে মাইনুদ্দিন প্রথমে দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এর পর স্ত্রীকে শ্বাসরোধ ও মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা পর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নিজেও আত্মহত্যা করেন।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।