Monday, August 17

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ২

0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার জোহরপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য স্থানীয়রা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) দায়ী করেছে।

নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর চরপাঁকা গ্রামের মৃত তোবজুল হক বুদ্ধর ছেলে সেলিম (৩০) এবং একই ইউনিয়নের ১০ রশিয়া পোড়াপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সুমন (২৩)।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার জোহরপুর ও ওয়াহেদপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি আর্ন্তজাতিক ১৬/৬ এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৩০/৩৫ জনের একটি গরু চোরাকারবারী দল ভারতে প্রবেশ করলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনি চক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত এবং তিনজন আহত হন। চোরাকারবারীরা নিহত সেলিম এবং সুমনের লাশ ও আহতদের বাংলাদেশে আনতে পারলেও বাকি দুইজনের লাশ ভারতে ফেলে পালিয়ে আসে।

এ ব্যাপারে পাঁকা ৭ নম্বর ওয়ার্ড সদস্য দুরুল হোদা জানান, তিনি দুইজন বিএসএফের গুলিতে মারা যাওয়ার বিষয়টি শুনেছেন। কিন্তু যেহেতু বিজিবির পক্ষ থেকে কড়া নির্দেশনা আছে সীমান্তের ওপারে না যাবার,সেহেতু নিহতদের লাশ ও আহতদের আত্মগোপনে রাখা হয়েছে বলে শুনেছি।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, তিনি এ ধরনের ঘটনা শুনেছেন। খোঁজ নেওয়ার পর বিষয়টি সাংবাদিকদের জানানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.