চায়ের দোকানে বসে নিজ দলের নেতাকর্মীদের বদনাম করা চলবে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে ঢাকা থেকে সড়কপথে কক্সবাজার যাওয়ার সময় কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রথম পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের বুঝতে হবে আসল প্রতিপক্ষ কে? মাথায় রাখতে হবে, আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। তিনি বলেন, দলীয় প্রার্থিতার ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা করা যাবে না। মনোনয়ন প্রত্যাশী সবাই হবেন, কিন্তু পাবেন মাত্র একজন।
কাদের বলেন, সকলের আমলনামা নেত্রীর কাছে জমা আছে। জরিপ হচ্ছে। জরিপের ফলাফলের ভিত্তিতেই মনোনয়ন দেয়া হবে। এখন আমাদের মার্কা একটাই সেটা হলো নৌকা মার্কা।
প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি গত ১০ বছর ধরে আন্দোলন করতে পারেনি, এখন তারা এক মাসে কী আন্দোলন করবে? আন্দোলনের নামে তারা যদি আবারও নাশকতা করে বাসে আগুন দেয়, তবে তাদের প্রতিহত করতে সবাইকে আহ্বান জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ আগামীবার ক্ষমতায় আসলে কুমিল্লা উত্তরকে প্রশাসনিক জেলা হিসেবে ঘোষণা দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশে এ সফর শুরু হয়। সফরের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ কেন্দ্রীয় নেতারা সফরসঙ্গী হিসেবে আছেন।
শনি ও রোববার এ দুইদিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে সফর করবে আওয়ামী লীগের এ প্রতিনিধি দল।