Sunday, August 30

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন শুনানি দুপুর ২ টায়

0

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়েছে। আজ রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা। গত ১৯ ফেব্রুয়ারি খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আবেদন উপস্থাপনের পর আদালত দিনটি ঠিক করেন।

এদিকে, খালেদা জিয়ার জামিন বিষয়ে উচ্চ আদালতের আদেশ দেখে পরবর্তী সময়ে বৈঠক ডেকে কর্মপন্থা ঠিক করবে বিএনপি। গতকাল শনিবার বিকাল ৪ টা থেকে চার ঘন্টা চলা গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক মুলতবি করার আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার সকাল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় অতিরিক্ত পুলিশ সদস‌্য মোতায়েন করা হয়। কোর্টের মাজার গেটের প্রবেশপথে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পরিচয়পত্র চেক করে জনসাধারণকে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার এ মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে পুনরায় আবেদন করেন তার আইনজীবীরা। এবার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বিদেশে উন্নত চিকিৎসার আরজি জানানো হয় আবেদনে। এর আগে ১২ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিল। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.