Sunday, September 13

ছিটকেপড়া শিশুটি মায়ের কোলে আর ফিরে এলো না

0

কুষ্টিয়া শহরে মায়ের সঙ্গে বাসের ধাক্কায় কোল থেকে রাস্তায় ছিটকেপড়া গুরুতর আহত শিশু আকিফার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আকিফা কুষ্টিয়া শহরের চৌড়হাসের সবজি ব্যবসায়ী হারুন-উর রশিদের মেয়ে।
শিশুটির বাবা হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঝ রাত থেকে আকিফার শারীরিক অবস্থার অবনতি হয়। ফজরের আজানের সময় আকিফার মৃত্যু হয়। তবে শিশুটির মা আশংকামুক্ত রয়েছেন।
এদিকে, বাসের ধাক্কায় আকিফার মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার চৌড়হাসে যাত্রীবাহী বাস দিয়ে পথচারী মা মেয়েকে ধাক্কা দেয় বাস চালক। এতে মা ও শিশু মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহত মা ও মেয়েকে উদ্ধার করে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা আশংকামুক্ত।

অভিযোগ ওঠে ওই যাত্রীবাহী বাস ইচ্ছে করে মা-মেয়েকে ধাক্কা দেয়। মঙ্গলবার বেলা ১১টা ৪৪ মিনিটে চৌড়হাস বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ঘটনাটি পাশের একটি সোনার দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সিসি ক্যামেরায় দেখা যায়, রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গঞ্জেরাজ (ঢাকা মেট্রো-গ-১৪-০১৭৭) নামের একটি বাস কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে এসে থামে। বাসটি সড়কের পাশে দাড়িয়ে ছিল। এই সময়ে একজন নারী তার শিশু কন্যাকে কোলে নিয়ে ওই বাসের সামনে দিয়ে হেটে যাচ্ছিল। হঠাৎ কোন হর্ন ছাড়াই চালক বাসটি চালিয়ে এসে মা রিনা বেগমকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে আহত হয় শিশু আকিফা। ভিডিওতে দেখে মনে হচ্ছে বাস চালক ইচ্ছে করেই ওই মা মেয়েকে চাপা দিয়েছে। ঘটনা ঘটার পর দ্রুত বাসটি পালিয়ে যায়।

এদিকে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষ ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে ওই বাসের চালক এবং হেলপারের বিরুদ্ধে।

বুধবার সকাল ১১টায় ঘটনাস্থল ওই চৌড়হাস বাসস্ট্যান্ডে দাড়িয়ে ওই বাসের চালকের শাস্তি দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে স্কুলের শিক্ষার্থীরা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও এলাকার জনসাধারণ অংশ নেয়। এসময় পুলিশের আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলে ঘণ্টব্যাপী চলা এই মানববন্ধন শেষ হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.