Tuesday, November 17

ছয়দিন পর দুর্গম পাহাড় থেকে মুসা ইব্রাহিমকে নিরাপদে উদ্ধার

0

অস্ট্রেলিয়া-ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ পর্বত কার্সটেঞ্জ পিরামিডের বেস ক্যাম্প থেকে এভারেস্টজয়ী পর্বতারোহী মুসা ইব্রাহীম এবং তাঁর সঙ্গী দুই ভারতীয় পর্বতারোহীকে আটকা পড়ার ছয়দিন পর নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আবহাওয়া ভালো হওয়ায় আজ সোমবার ভোরে হেলিকপ্টারে করে মুসা ও তাঁর সঙ্গীদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর তিন পর্বতারোহীকে ইন্দোনেশিয়ার তিমিকা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

তিমিকা বিমানবন্দরে নেমে মুসা তাঁর ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, ‘এই মাত্র তিমিকা বিমানবন্দরে পৌঁছালাম। আল্লাহ মহান। আমরা নিরাপদে ফিরে এসেছি। দেখা হবে ইনশাল্লাহ।’ দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুসা।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ সকালে তাঁর ফেসবুক পেজে মুসা ও তাঁর সঙ্গীদের উদ্ধারের তথ্য নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই বার আমি ঘুমাতে গেলাম। তাঁদের আর মিনিট দশেক লাগবে সমতলে পৌঁছাতে। সবাই ভালো থাকুন।’

কার্সটেঞ্জ পিরামিড (পুনাক জায়া) জয় করে ফিরে আসার পথে বেস ক্যাম্পে আটকা পড়েছিলেন মুসা ও তাঁর সঙ্গী দুই ভারতীয় পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর। ১৩ জুন এই পর্বতশৃঙ্গ জয় করে নেমে আসার পথে বেস ক্যাম্পে আসার পর তাঁরা খারাপ আবহাওয়ার কবলে পড়েন।

গতকাল রোববার সকালে অভিযাত্রীদের উদ্ধার করে আনার জন্য হেলিকপ্টার রওনা হয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার বেস ক্যাম্পে পৌঁছাতে ব্যর্থ হয়। অভিযানের জন্য মুসা ঢাকা থেকে গত ২৯ মে ইন্দোনেশিয়ায় যান। ৭ জুন নাবির থেকে তিন অভিযাত্রীর কার্সটেঞ্জ পর্বতাভিযান শুরু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.