ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ১৫ আগস্ট অনুষ্ঠানস্থল না হলেও ২ কিলোমিটারের মধ্যেও যদি কোনো ঘটনা ঘটাতে পারে তাহলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। তিনি বলেন, জঙ্গীদের বিষয়ে সরকারের সব গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। তবে জঙ্গীরা থেমে নেই এটা বলা যায়। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে।
আজ শনিবার (১৪ আগস্ট) বেলা সোয়া ১১টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতনরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
ডিএমপি কমিশনার বলেন, সারা পৃথিবী এখন সাইবার ওয়ার্ল্ডে বন্দি। জঙ্গীরাও একই মিডিয়ায় তাদের রিক্রুট এবং উদ্বুদ্ধ করছে। সম্প্রতি তালেবানরা আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এই আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ ঘর ছেড়েছেন। তাদের মধ্যে কিছু ভারতে গ্রেফতার হয়েছেন আর কিছু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন।
এ মাসে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গী গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত পরশু জঙ্গী সংগঠনের লিডিং পর্যায়ের একজনকে গ্রেফতার করেছে সিটিটিসি। যিনি বোমা বিশেষজ্ঞ ও অনলাইনে বোমা বানানোর প্রশিক্ষণ দিতো। তারা ধাপে ধাপে উন্নতি করছিল, এই পুরো গ্যাংটাকে আমরা গ্রেফতার করতে পেরেছি।
জঙ্গীদের প্রধান টার্গেট আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এজন্য ১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ১৫ আগস্ট অনুষ্ঠানস্থল না হলেও ২ কিলোমিটারের মধ্যেও যদি কোনো ঘটনা ঘটাতে পারে তাহলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আমরা মনে করি না এ ধরনের কোনো ঘটনা ঘটবে।তবে কোনো ধরনের আশঙ্কা আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। তবে যেকোনো ধরনের ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।