শামীম শিকদার, কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এক বাস থেকে অন্য বাসে ইউএনও মোসাঃ ইসমত আরা। কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বাসে যাতায়াত করা যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করছেন তিনি। জলসিঁড়ি পরিবহন থেকে অনন্যায়, অনন্যা থেকে যাচ্ছেন পথের সাথী পরিবহনে। উপজেলার ভিতর দিয়ে চলাচল করা গণপরিবহনের যাত্রীদের মঙ্গলবার বিকালে করোনা সংক্রমণ প্রতিরোধে এভাবেই সচেতন করার চিত্র দেখা গেছে।
এছাড়াও গত ২৫ মে ঈদুল ফিতরের দিন হতে ২ জুন মঙ্গলবার পর্যন্ত গত ৯ দিনে ৩ দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় ৩০ জনকে জরিমানা করা হয়েছে।
এর মধ্যে ২৫ মে ফকির মজনু শাহ সেতুতে ৭ জনকে ৮ হাজার টাকা, ৩১ মে ১৩ জনকে ৬ হাজার ২শ টাকা ও ২ জুন ১০ জনকে ৬ হাজার ৭শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
সরকারি নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব না মানা , স্বাস্থ্যবিধি না মানা, কাজ ছাড়া অহেতুক বাহিরে ঘুরাঘুরি, ফকির মজনু শাহ সেতুর উপর আড্ডা দেওয়া, এক মোটর সাইকেলে ৩ জন চলাচল ও বেপরোয়া গতির কারণে ৩০ জনকে এ জরিমানা করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। স্বাস্থ্যবিধির না মানা হলে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।