মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকালে কাজেম আলী স্কুল এন্ড কলেজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বলেন, সংগ্রাম ও আন্দোলনের সুদীর্ঘ যাত্রায় বাঙালি বঙ্গবন্ধুকে আপন করে নিয়েছিল ইতিহাসের প্রধান নায়ক হিসেবে। ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য ও সমার্থক শব্দ-প্রায়। তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্বে আমরা স্বাধীন ভূখন্ড এবং লাল-সবুজের পতাকা অর্জন করেছি। আজও তাঁরই প্রেরণায় আমরা এগিয়ে চলেছি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে।’
ঘাতকরা যত চেষ্টাই করুক না কেন বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করা যাবে না। বস্তুত বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশ একাকার হয়ে গেছে। জীবদ্দশায় তিনি যেমন আমাদের সংগ্রাম ও সংকল্পের প্রতীক ছিলেন, মৃত্যুর এত বছর পরও তিনি তাঁর সেই স্থানেই স্বমহিমায় বিরাজিত রয়েছেন।’
সিডিএ চেয়ারম্যান আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতি আজ বিশ্বের কাছে রোলমডেল। আজকের দিনে শোককে শক্তিতে পরিণত করে চক্রান্তকারীদের প্রতিহত করে উন্নয়নের চাকাকে সচল রাখতে হবে। জাতির প্রকৃত ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ’আগামী দিনেও যেন বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে সেই দিকে লক্ষ্য রেখেই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে চলেছেন।
কাজেম আলী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে ও প্রভাষক কৃষ্ণা দত্ত, প্রভাষক আইমুন নাহার পরিচালনায় প্রলয় দেব এবং চাঁদমনি নুরের উপস্থাপনায় অনুষ্ঠিত শোক দিবসের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, বক্তব্য রাখেন কানিজ ফাতেমা, মো. আলমগীর, মাহবুবুর রহমান, কোরআন তেলাওয়াত করেন মিনহাজুর ইসলাম, গীতা পাঠ করেন পপি সর্ববিদ্যা, ত্রিপিটক পাঠ করেন জেসিকা বড়ূয়া, বাইবেল পাঠ করেন সৈত্যচন্দ্র ত্রিপুরা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তানভীরুল ইসলাম. সাবের হোসাইন শাহরিয়া, আলমাস উদ্দিন রাজিন, ইসরাতুন নেসা, জিসান আলী, আলমাস উদ্দিন রাজিন, দোয়া পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ মুছা। সভা শেষে প্রধান অতিথি সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।