অবশেষে জাতীয় পার্টিই (জাপা) হচ্ছে প্রধান বিরোধী দল। নিয়ম অনুযায়ী বিজয়ী দলের পর যে দল সবচেয়ে বেশি আসন পাবে, তারাই বিরোধী দল হবে এমন অভিমত আইনজীবীদের। জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসন পেয়েছে আর জাপা ২২টি অর্থাৎ সংসদে বিরোধী দল হতে জাপার কোনো আইনগত বাধা নেই।
এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী রিয়াজুল কবীর কাওসার আমাদের সময়কে বলেন, সংবিধানে বিরোধী দলের আসন সংখ্যার কোনো বিধি-নিষেধ নেই। সরকার গঠনে অর্ধেকের বেশি আসন দরকার হয়। আসনসংখ্যার দিক থেকে সরকারি দলের পরই যে দলের অবস্থান থাকবে, তারাই বিরোধী দল হবে। জাপা নেতাদের মধ্যেও এ নিয়ে সংশয় নেই। তবে কে হবেন বিরোধীদলীয় নেতা এ নিয়ে সংশয় রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা ভালো নেই। তিনি কিছুদিনের মধ্যেই আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন বলে কথা রয়েছে। এ কারণে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদই পুনরায় বিরোধীদলীয় নেতা হবেন এমন কথা হচ্ছে। অবশ্য ২০১৪ সালের নির্বাচনের পরও বিরোধীদলীয় নেতা নিয়ে নানা আলোচনা ছিল। পরে সব সমালোচনার অবসান ঘটিয়ে রওশন এরশাদই বিরোধীদলীয় নেতা হন।
জাপার বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন নিয়ে জটিলতার কারণে দলটির মধ্যে এখনো ক্ষোভ বিরাজ করছে। মনোনয়নবঞ্চিতরা তাদের নানা অভিযোগের কথাও হুসেইন মুহম্মদ এরশাদের কাছে বলতে পারেননি। অন্যদিকে পার্টির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা এখনো কয়েকটি ভাগে বিভক্ত। তবে বেশিরভাগের সমর্থন রওশন এরশাদের দিকে। পক্ষ-বিপক্ষের এই সমর্থনের ফলে দলের মধ্যে পুনরায় দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন পার্টির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।
কে হবেন বিরোধী দলের নেতা এমন প্রশ্নে জাপার অনেক নেতা কথা বলতে রাজি হননি। কথা বলেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। তার ভাষ্য হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা যেহেতু ভালো নয়, সেহেতু পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদই বিরোধীদলীয় নেতা হবেন হয়তো।
গতকাল সোমবার ঢাকার বারিধারার বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, জাপার অবস্থান কী হবে, এ বিষয়ে মহাজোটে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আমরা মহাজোটের সঙ্গে আছি, মহাজোটে থাকব। আমরা প্রধান বিরোধী দলে যাব কিনা, এ বিষয়ে দুই-একদিন পর সিদ্ধান্ত হবে। এর আগে মহাজোটের সঙ্গে আলোচনা করব।