আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান সম্মত নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি একমত হয়েছে। আগের মতোই জোটবদ্ধ নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে উভয়পক্ষের। আমরা আগের মতোই জোটবদ্ধ নির্বাচনে লড়ব।
সোমবার রাত ৯টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গণভবনের ব্যাঙ্কুয়েট হলে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সংলাপটি শুরু হয়।
সংলাপ শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ শুভেচ্ছা জানান।
ওবায়দুল কাদের আরও বলেন, আজকে খুব কম সময়ে সংলাপ শেষ হয়েছে। সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এবং বেগম রওশন এরশাদ ও দুই একজন সিনিয়র নেতা বক্তব্য রেখেছেন। তিনি বলেন, সংলাপে সংবিধান সম্মত নির্বাচন হবে এটা ১৪ দলের মত জাতীয় পার্টিও আমাদের সঙ্গে একমত। আসন বণ্টনের বিষয়টি ১৪ দলের মত জাতীয় পার্টির সঙ্গেও হয়নি।আসন বণ্টনের বিষয়টি নিয়ে একটি ছোট কমিটি করে সমাধান করা হবে। আমরা জোটবদ্ধ নির্বাচনে লড়ব।এক সঙ্গে সরকার গঠন করব এ বিষয়ে ঐক্যমত্য হয়েছে।
সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ইউনাইটেড ন্যাশনাল এলায়েন্স (ইউএনএ) এর ৩৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জোটের ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।