বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার বেশ কয়েকটি জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। আজ শনিবার ঈদের দিন সকালে প্রথম জামাতের পর জাতীয় মসজিদে দ্বিতীয় জামাত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। মসজিদের ভেতরে ও বাইরে কয়েক হাজার মুসল্লি এ জামাতে অংশ নেন।
সকাল ৭টায় প্রথম এবং ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নিরাপত্তার স্বার্থে পূর্ব ঘোষণা অনুযায়ী মুসল্লিদের জায়নামাজ ছাড়া আর কিছু নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এ মসজিদে সকাল ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ এবং পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
প্রথম জামাতে মানুষের ঢল মূল মসজিদ ভবন থেকে রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে। দ্বিতীয় জামাতেও ভেতর থেকে মুসল্লিদের কাতার মসজিদের সিঁড়ি ও বাইরের রাস্তা পর্যন্ত নেমে আসে।
মুসল্লিদের চলাচল নির্বিঘ্ন করতে মসজিদে প্রবেশের আশেপাশের সব রাস্তার মোড়ে ব্যারিকেড দিয়ে যানচলাচল সীমিত ও তল্লাশি করছে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। মসজিদ প্রাঙ্গণের সব গেটে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়েছে।
দেশে বন্যার্ত মানুষের কষ্ট যাতে লাঘব হয় আল্লাহর কাছে এমন প্রত্যাশা করেছেন মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা।