জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান-এর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত চরিত্রহননের অপচেষ্টা চালানোর ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
আজ (রবিবার) পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, এটি নিছক একটি সাইবার অপরাধ নয়; বরং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহল কর্তৃক সুপরিকল্পিত ডিজিটাল সন্ত্রাস, মিথ্যা প্রচারণা ও সামাজিক বিভাজন সৃষ্টির গভীর ষড়যন্ত্র। নারীদের সম্মানকে পুঁজি করে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করা এবং ধর্মীয়-নৈতিক মূল্যবোধে আঘাত হানার এই অপচেষ্টা কোনোভাবেই সভ্য ও গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না।
তিনি আরও বলেন, এই ধরনের চরিত্রহননমূলক তথ্য সন্ত্রাস প্রমাণ করে যে, ফ্যাসিবাদী মানসিকতা এখন ডিজিটাল প্ল্যাটফর্মকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সত্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো এবং সম্মানহানির রাজনীতি দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য চরম হুমকি।
বিবৃতিতে ডাঃ ইরান আরও বলেন, আমরা এই ঘৃণ্য সাইবার অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সব গণতান্ত্রিক ও রাজনৈতিক শক্তিকে আহ্বান জানাই। নারীদের মর্যাদা, সত্য ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস নয়।
লেবার পার্টি অবিলম্বে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাইবার নিরাপত্তা সংস্থার কাছে এই ঘটনার নিরপেক্ষ, দ্রুত ও দৃষ্টান্তমূলক তদন্ত দাবি করছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।