জামায়াতের সঙ্গ ত্যাগ করলে তারা জাতীয় ঐক্যে যোগ দেবে- বিকল্পধারা

0

বিকল্প ধারার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন- স্বাধীনতা বিরোধীদের সঙ্গ ত্যাগ না করলে আজ থেকে বিএনপির সঙ্গে কোনও ধরনের বৈঠকে বসবে না বিকল্প ধারা। শনিবার সন্ধ্যার পর রাজধানীর বারিধারায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বি. চৌধুরী।
ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টে যোগ না দেওয়ার ব্যাপারে সংবাদ সম্মেলনে বি চৌধুরী জানান, বিকল্পধারা বিএনপিকে শর্ত দিয়েছিল, জামায়াতের সঙ্গ ত্যাগ করলে তারা জাতীয় ঐক্যে যোগ দেবে। কিন্তু বিএনপি সেই শর্ত মানেনি। সেই কারণেই তারা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি।
সংবাদ সম্মেলনে বিকল্পধারার মহাসচিব মেজর মান্নান, যুগ্মমহাসচিব মাহি বি চৌধুরীসহ বিকল্পধারার নেতারা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় প্রেসক্লাবে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
সংবাদ সম্মেলনে মান্না ছাড়াও উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.