ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় আগাম জামিন চেয়ে করা অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াত রশিদ মিথিলার আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।
সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে এ দুই আবেদনের ওপর শুনানি হবে।এর আগে রবিবার তাদের পক্ষে পৃথক আবেদন করেন আইনজীবীরা।
তাদের পক্ষে শুনানি করবেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনজীবী ইমতিয়াজ ফারুক।
গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের নামে মামলা দায়ের করেছিল।মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা। যা উদ্ধার করা সম্ভব হয়নি।