Friday, September 11

জেএসসিতে পাসের হার ৮৫.৮৩ জেডিসিতে ৮৯.০৪

0

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় গণভবনে শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ফলের অনুলিপি তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে।

ফলের সারসংক্ষেপে দেখা গেছে, এ বছর জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডের জেডিসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ।
জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ শিক্ষার্থী। গত কয়েক বছরের তুলনায় এবার জিপিএ-৫ কমেছে। চতুর্থ বিষয় ছাড়াই ফল নির্ধারণ করায় এবার জিপিএ-৫ কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শতভাগ পাস করেছে ৪ হাজার ৭৬৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।

ফলের সারসংক্ষেপ হাতে পেয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় পাস করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পিইসি ও জেএসসি পরীক্ষার কারণে শিক্ষার্থীদের ভয় কেটে গেছে।

আজ বেলা ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির বিস্তারিত ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। আর দুপুর ১টায় নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পিইসির ফলের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন গণশিক্ষামন্ত্রী।

গত কয়েক বছর ধরেই পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনীর ফল একই দিনে প্রকাশ করা হচ্ছে। সাধারণত ডিসেম্বর শেষ দিকে এ ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ থাকায় আগেই ফল ঘোষণা করা হল।
গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হয়। এক মাসেরও কম সময়ে পিইসি পরীক্ষার ফল প্রকাশ হল এবার। এ পরীক্ষায় ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়।
১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ শিক্ষার্থী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.