জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী। ৯টি সাধারণ ও একটি মাদ্রাসা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার গত বছরের চেয়ে পাসের হার ২ দশমিক ০৭ শতাংশ বেড়েছে। গত বছর পাসের হার ছিলো ৮৫ দশমিক ৮৩ শতাংশ। গতবারের চেয়ে সাধারণ বোর্ডে পাসের হার বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ।
এছাড়া গত বছর জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ পেয়েছিল ৬৮ হাজার ৯৫ জন। সে হিসেবে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।
আজ বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ফলাফল প্রকাশ করেন। এর আগে ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে এ বছর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.৭৭ শতাংশ। গত বছর ছিলো ৮৯.০৪ শতাংশ। অর্থ্যাৎ গতবারে চেয়ে মাদ্রাসা বোর্ডে পাসের হার বেড়ে দাঁড়িয়েছে ০.৭৩ শতাংশ।
এবার পাসের হারে শীর্ষে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে ৯৭ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে পাসের দিকে থেকে পেছনের সারিতে রয়েছে ঢাকা বোর্ড। ঢাকায় পাসের হার ৮২ দশমিক ৭২ শতাংশ।
জেএসসি ও জেডিসিতে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৬ লাখ ২ হাজার ৫৩। এর মধ্যে পাস করেছে ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন সামনে প্রাইমারি থেকে জেএসসি পর্যন্ত নাম্বার গ্রেডিং তুলে দেয়া হবে। এক্ষেত্রে ফলাফলের ধারাবাহিক মূল্যায়ন করা হবে।