Friday, September 11

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ: সাবেক ইউএনওকে ৮ বছরের কারাদণ্ড

0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদকে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা এ মামলায় বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশন আইনের দু’টি ধারায় মামুনার রশীদকে দোষী সাব্যস্থ করা হয়। দুর্নীতি দমন আইনের ২০০৪ সালের আইনের ২৬ (২) ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৭(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রায়ে তাকে ৮ বছর কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৩৮ লাখ ৬৮ হাজার ৪৮৮ টাকার সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া রায় ঘোষণার সময় মামুনুর রশীদ উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৩ মার্চ দুর্নীতি দমন কমিশন মামুনুর রশিদকে তার নিজের নামে ও পরিবারের নামে থাকা সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেয়। তখন তিনি নিজের নামে ও পরিবারে নামে ৪১ লাখ ৫৭ হাজার ৬১৩ টাকার সম্পত্তির হিসাব প্রদর্শন করেন। পরে দুদকের অনুসন্ধানে দেখা যায়, সম্পদ বিবরণীতে তিনি ১১ কোটি ৩ লাখ ৯০ হাজার ৬৭৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ ঘটনায় ২০০৯ সালের ১৫ এপ্রিল দুদকের সহকারী পরিচালক হেলাল উদ্দিন শরীফ বাদী হয়ে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.