প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ঝড় তো আপনারাই ওঠাচ্ছেন। আমরা কি ঝড় ওঠার মতো কিছু বলেছি? তিনি আরো বলেন, এ ঝড় ওঠার পরও সুপ্রিম কোর্ট যথেষ্ট ধৈর্যর পরিচয় দিচ্ছে। বিচার বিভাগ যথেষ্ট ধৈর্য ধরে আছে।
ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও রায়ের পর্যালোচনা নিয়ে অব্যাহত সমালোচনার পরিপ্রেক্ষিতে আজ রবিবার মাসদার হোসেন মামলার শুনানিকালে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের উদ্দেশে প্রধান বিচারপতি এসব কথা বলেন। তিনি বলেন, গত ধার্য তারিখে আমরা গেজেট জারির বিষয়ে আলোচনায় বসার কথা বলেছিলাম। এ বিষয়ে কী করেছেন?
অ্যাটর্নি জেনারেল বলেন, সবকিছু মিলিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। একটি ঝড় উঠেছে।
প্রধান বিচারপতি বলেন, আপনারা মিডিয়াতে অনেক কথা বলবেন। আর কোর্টে এসে বলবেন তার উল্টো। বিচার বিভাগের সমালোচনার ক্ষেত্রেও পরিপক্কতা অর্জন করা দরকার।
মাসদার হোসেন মামলার রায়ে নিম্ন আদালতে বিচারকদের শৃঙ্খলা বিধিমালার গেজেট জারি বিষয়ে আজ রবিবার আদালতে শুনানি হয়। কিন্তু অ্যাটর্নি জেনারেল ফের সময় চেয়ে আদালতে আবেদন জানান।