গাজীপুরের টঙ্গীতে বাসা বাড়িতে আগুন লেগে রানা মিয়া(১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা মনির মিয়া (৪০) ও ভাই রাজীব মিয়া (১৬) অগ্নিদগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) ভোরে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায় এবং মরদেহ উদ্ধার করে। সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান আরো জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে টিনশেডের বাড়ি ও আসবাবপত্র পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় ২নং মসজিদ গলিতে মনির মিয়ার বসত বাড়িতে আগুন লাগে। এ সময় ঘুমিয়ে থাকা মনির মিয়া ও তার এক ছেলে রাজীব মিয়া অগ্নিদগ্ধ হয় ও আরেক ছেলে রানা মিয়া অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় মনির ও তার আরেক ছেলে রাজীবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।