আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। আর তাতে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
দু’দলের জন্যই তাই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হচ্ছে।
তবে দেরিতে শুরু হলেও পুরো ৫০ ওভার করেই খেলার সুযোগ পাবে দু’দল। অর্থাৎ কোনো ওভার কাটা যাচ্ছে না।
‘এ’ গ্রুপের চার দলের মধ্যে ইংল্যান্ড দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ড উভয়েই একটি করে ম্যাচে হেরেছে এবং অারেকটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। এতে গ্রুপে দুটি দলেরই সংগ্রহ দাঁড়িয়েছে ১ পয়েন্ট করে। গ্রুপের অপর দল অস্ট্রেলিয়ার দুটি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্ট ২।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের সেমিফাইনালে যেতে পারে যদি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়া হেরে যায়। আর অস্ট্রেলিয়া জিতে গেলে সেমিতে যাবে তারাই।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ব্যাটসম্যান ইমরুল কায়েসের বদলে দলে নেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। আর স্পিনার মেহেদি হাসান মিরাজের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, লুক রনকি (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, নিল ব্রুম, জেমস নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।