নিউইয়র্কের টাইমস স্কয়ারে স্থানীয় সময় মধ্যরাতে জন্মদিনের কেক কেটেছেন ঢালিউড তারকা বাপ্পী চৌধুরী।
চিত্রনায়ক বাপ্পীর ভেরিফায়েড ফেসবুকে পেজ থেকে লাইভে এসে পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস বলেন, এটা এমন এক জায়গা, যাকে বলা হয় নিউইয়র্কের প্রাণকেন্দ্র, যার নাম টাইমস স্কয়ার। যার ফেসবুকে লাইভে আছি সে আমার প্রাণপ্রিয় ছোট ভাই, তার জন্মদিন পালন করা হচ্ছে টাইমস স্কয়ারে।
লাইভে বাপ্পী চৌধুরী বলেন, এ জন্মদিনটা আমার কাছে কষ্টের। কেননা, আমি আমার পরিবারে সঙ্গে পালন করতে পারছি না। এই প্রথম এ রকম হলো। প্রতিবার পরিবার আর কাছের মানুষদের সঙ্গে পালন করি। এখানে আছে কাছের মানুষ দেবাশীষ দাদা। আরও একজন আছেন, সে ক্যামেরার বাইরে। তাকে আরেকবার আসলে পরিচয় করিয়ে দিব আপনাদের সঙ্গে।
দেশের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্য করে ফেসবুক লাইভে বাপ্পী বলেন, আমি আপনাদের খুব মিস করছি। আমি দেশপ্রেমিক মানুষ। তাড়াতাড়ি চলে আসতে চাই, কিন্তু আমার টিকিট কাটা হয়েছে কয়েক দিন পরের, তাই আসতে পারছি না। আজকের লাইভটা অন্যরকম। আমি সাধারণত লাইভ করি না। মানুষের জীবনে দুঃখ, সুখ থাকে। আমার কাছে আজ কষ্টের দিন। কেননা, আমি দেশের বাইরে আছি, এই রকম বিশেষ দিনে।
পরিচালক দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।