Monday, September 7

টাঙ্গাইল ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

0

টাঙ্গাইলের কালিহাতী ও চট্টগ্রামের ডবলমুরিংয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার ভোর ও শুক্রবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার ভোর ৫টার দিকে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের হতেয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়। এসময় আহত হয়েছেন আরও তিন যাত্রী।

কালিহাতী উপজেলায় নিহত দুজন হলেন- মাইক্রোবাসচালক মোশারফ হোসেন মুসা ও চাঁপাইনবাবগঞ্জের অ্যাডভোকেট সৈয়দ শাহ জামাল। তিনি সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা সভাপতি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশাররফ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে হতেয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী পিতা ও পুত্র নিহত হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ধনিয়ালাপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন- মো. সগীর (৪২) ও মো. জোনায়েদ (১২)।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন জানান, মো. সগীর মনসুরাবাদ এলাকায় মুদি দোকানি এবং তার ছেলে জোনায়েদ আগ্রাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় এনে রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.