Tuesday, September 22

টিটু রায়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

0

রংপুরে মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় অভিযুক্ত শ্রী টিটু রায়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশ টিটুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালতের বিচারক দেবাংশু কুমার সরকার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার ভোরে টিটুকে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা চিড়াভিজা এলাকার তার এক আত্মীয় কৈলাশ চন্দ্র রায়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ এনে গত ৫ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের স্থানীয় আলমগীর নামে এক ব্যবসায়ী গঙ্গাচড়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।
এ নিয়ে গত শুক্রবার ঠাকুরবাড়ি গ্রামে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়িতে অগ্নি সংযোগ এবং ভাঙচুরসহ লুটপাট করা হয়।

মঙ্গলবার ভোরে টিটুকে গ্রেফতারের পর গঙ্গাচড়া থানা থেকে মামলাটি ডিবি পুলিশের কাছে স্থানান্তর করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.