কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। তারা দুজনেই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা হলেন মো. রহিম উদ্দিন ওরফে রফিক (৩৭) ও মো. আজিজ (২৪) । শনিবার রাত ১টার দিকে বিজিবি সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রহিম উদ্দিন ওরফে রফিক এবং রোববার ভোররাত ৪টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আজিজ নিহত হন।
নিহত রহিম উদ্দিন উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপড়ার মধ্যম খাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে এবং মো. আজিজ টেকনাফ সদর ইউনিয়নের ডেলপাড়া গ্রামের ছালেহ আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার রাত ৯টার দিকে মাদক মামলার আসামি মো. আজিজকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর ইউপি মহেশখালীয়া পাড়া নৌকাঘাটে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে পুলিশ একটি টিম নিয়ে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে তিন হাজার ইয়াবা, একটি এলজি ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।