কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফরিদ আলম ওরফে ডাকাত আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ পুলিশ সদস্য। আজ রবিবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ নেঙ্গুরবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ আলম উপজেলার দক্ষিণ নেঙ্গুরবিল গ্রামের মৃত আবদুল কাদের এর ছেলে। আহতরা হলেন- এসআই ওহিদ, কন্সেটেবল রুবেল শর্মা ও সেকান্দার।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার সকালে নেঙ্গুরবিল গ্রামের অভিযান চালিয়ে ডাকাত আলম কে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তার নেতৃত্বে ভুলু বাহিনী মিয়ানমার থেকে একটি ইয়াবা চালান এনে ওই এলাকায় দিয়ে খালাস করেছিল।
এরপর তাকে নিয়ে সেখানে অভিযানে গেলে ভুলু বাহিনী পুলিশকে লক্ষ্যে করে গুলি ছুড়ে ডাকাত আলমকে ছিনিয়ে নেয়া চেষ্টা করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে ২৫ রাউন্ড গুলি চালায়। হামলাকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আলমকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে স্বাস্থ্যাকমপ্লেক্সে চিকিৎসক দেয়া হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।