Thursday, August 27

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ১ রোহিঙ্গা নিহত, ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ অস্ত্র উদ্ধার

0

কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে মাদক কারবারিদের ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। নিহত নুর কবির (২৮) মিয়ানমারের মোতালেবের ছেলে। এসময় পাচারকারীদের গুলিতে দুই বিজিবি সদস্যও আহত হয়েছে। আজ শুক্রবার(১৫ নভেম্বর) ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদাস্থ নাফ নদী সংলগ্ন ছ্যুরি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান জানান, ছ্যুরি খালে কিনারায় কেওড়া বাগানের ভিতরে কয়েকজন ব্যক্তি কাঁদা মাটিতে গর্ত খুঁড়ছিল। এসময় বিজিবির নিয়মিত টহলদল টর্চের আলোতে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করলে কালো পলিথিন মোড়ানো বস্তা নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি জওয়ানরা তাদের পিছু ধাওয়া করলে ইয়াবা পাচারকারী দল অতর্কিতভাবে বিজিবির উপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এসময় দুই জন বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি বর্ষণ করলে উভয় পক্ষের মধ্যে প্রায় ৭-৮ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান আরো জানান, কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১ ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার (রোহিঙ্গার) পকেটে থাকা পরিচয় পত্র দেখে সে মিয়ানমারের নাগরিক নুর কবির বলে সনাক্ত করা হয়। এছাড়া ঘটনাস্থল হতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরী ১টি বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, মাদক পাচারকারী অন্যরা দৌড়ে পালিয়ে যাওয়ায় কোন ধরনের তথ্য জানা সম্ভব হয়নি। সংঘটিত ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.