কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কে কেরুনতলী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থলে এক লাখ পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি বন্দুক, আটটি গুলি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ময়মনসিংহের কোতোয়ালি এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে আশিক জাহাঙ্গীর কুদরত (৩২) ও টোলাবড় মসজিদ নারায়ণগঞ্জ এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০)।
র্যাব টেকনাফ অফিসের লেফটেন্যান্ট মির্জা সাহেদ জানান, ভোরে কেরুনতলী এলাকায় র্যাবের চেকপোস্টের সামনে কক্সবাজারমুখী একটি ট্রাককে সিগনাল দিলে সেটি না থামিয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ওই ট্রাকটির নিচ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, পরে ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা, দুটি পিস্তল, আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।