নির্বাচনের তফসিল ঘোষণার পর টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার গণভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের আরও জানান, সংলাপের সারসংক্ষেপ নিয়ে ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ নভেম্বরের পর আর কোনও সংলাপে যাবে না আওয়ামী লীগ।
একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর না কি সামান্য আগে নির্বাচনকালীন ছোট মন্ত্রিসভা করা হবে- সে বিষয়ে চিন্তাভাবনার মধ্যেই এ নির্দেশ দিলেন শেখ হাসিনা।
বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে রয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।
চলতি বছর জানুয়ারিতে মন্ত্রিসভায় সর্বশেষ রদবদলের পর এতদিন ৩০ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুইজন উপমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে দায়িত্ব পালন করে আসছিলেন।