Wednesday, September 16

ট্রলার থেকে পড়ে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

0

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলারের ছাদ থেকে পড়ে নিখোঁজ ৬ জনের মধ্যে আজ মঙ্গলবার সকালে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

মঙ্গলবার (১০ জুলাই) সকাল থেকে সেখানে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। পরে সকাল ১০ টায় তিনজনের মরদেহ উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়া তিনজন হলেন- দিন ইসলাম (৩৫), ইমন (২২) ও ওসমান গণি (৪০)। এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন। তারা সবাই বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ সকালে গণমাধ্যমকে জানান, নিহতদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ওসমান গনির পরিবারের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহ শনাক্ত করলে হস্তান্তর করা হবে।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. নেওয়াজ জানান, গত আট জুলাই রোববার রাত সাড়ে নয়টায় শহরের সেন্ট্রাল খেয়াঘাট থেকে ১০০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে বন্দর উপজেলার মদনগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাওয়ার সময় ট্রলারটি ঘাটের পাশে নোঙর করে রাখা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রলারটির ছাদ ভেঙে পড়ে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে গেলেও অনেকেই সাঁতড়ে তীরে উঠে পড়েন। তবে নিখোঁজ থাকেন তিনজন। এ ঘটনার পর ওই রাত থেকেই বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.