ঠাকুরগাঁও প্রতিনিধি : কয়েক দিনের টানা বর্ষণে ঠাকুরগাঁওয়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি উঠায় বেশকিছু এলাকার লোকজন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। এদিকে রেলপথ ডুবে যাওয়ায় ঠাকুরগাঁও–পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।গত বৃহস্পতিবার থেকে ঠাকুরগাঁওয়ে মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টিপাতের কারণে শহরের বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সদর উপজেলা শহরের নিশ্চিন্তপুর, ডিসিবস্তি, হঠাৎবস্তি, কলেজপাড়া, রোড খালপাড়া ও শান্তিনগর এলাকার সাধারণ মানুষের বাড়িতে ও উঠানে পানি জমেছে। শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও ঠাকুরগাঁও রোড যুবসংসদে আশ্রয় নিয়েছেন। এদিকে কলেজপাড়া এলাকার ২ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ায় জেলা প্রশাসক আব্দুল আওয়ালের নেতৃত্বে ওইসব বানভাসিদের উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের নয়নবিরুজ এলাকায় ৫০২/১ থেকে ৫০৪/৫ এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রেলপথ পানির নিচে ডুবে যাওয়ায় এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।ঠাকুরগাঁও রেল স্টেশন মাস্টার মনসুর আলী জানান, উত্তরবঙ্গ মেইল সকাল ১০ টায় ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ওই ট্রেনটি পঞ্চগড় রেল স্টেশনে আটকে থাকায় তা দিনাজপুর অভিমুখে যেতে পারেনি।তিনি জানান, দ্রুতযান শাটল সকাল ৭ টা ৫৫মিনিটে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা এবং কাঞ্চন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা সকাল সাড়ে ১০ টায়। কিন্তু রেলপথ খারাপ হওয়ার কারণে ওই ট্রেন দুটি বর্তমানে ঠাকুরগাঁও স্টেশনে অবস্থান করছে। ফলে সারাদেশের সঙ্গে ঠাকুরগাঁওয়ের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।