Sunday, August 9

ডিউটি শেষে নিজ কর্মস্থলে ফিরার সময় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত

0

 টাঙ্গাইলের মধুপুর থানার গোলাবাড়ী এলাকায় গতকাল সোমবার রাত ৮টার দিকে পুলিশ বহনকারী পিকআপভ্যান ও বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারা ঢাকায় সিত্রাংয়ের ডিউটি শেষে নিজ কর্মস্থলে ফিরছিলেন।

নিহতরা হলেন- মো. নুরুল ইসলাম (৪০) ও মো. সোহেল রানা (২৮)। তারা দুজনই জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নুরুল ময়মনসিংহের কোতোয়ালি থানার দাপুনিয়ার মৃত আবুবকর সিদ্দিকের ছেলে এবং সোহেল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত কেন্দ্রের তিন পুলিশ সদস্য সরকারি দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে কর্মস্থল জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ফিরছিলেন। পথে তাদের বহনকারী পিকআপভ্যানের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল মো. নুরুল ইসলাম নিহত হন।

এ ঘটনায় আহত পুলিশ সদস্য সোহেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই আজিজুল হক এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুত্রঃ আমাদের সময়

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.