Wednesday, September 9

ডিজিটাল আইন নিয়ে সম্পাদক পরিষদের সঙ্গে আলোচনা চালু আছে: ইনু

0

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আইনটি নিয়ে পরিষদের সঙ্গে আলোচনা চালু আছে বলেও জানান তিনি। আজ রবিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সম্পাদক পরিষদের শনিবারের সংবাদ সম্মেলন প্রসঙ্গে ইনু বলেন, সম্পাদক পরিষদ, বিএফইউজে, ডিইউজে ও ডিআরইউয়ের নেতাদের সঙ্গে তারা বসেছিলেন। সেখানে আইনের যেসব বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল, সেসব তারা শুনেছেন। প্রশ্নগুলো শুনে তারা (তিন মন্ত্রী ও এক উপদেষ্টা) বলেছিলেন, আলোচনার যে সূত্রপাত হল, তা অব্যাহত থাকুক। এ জন্য প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে জানিয়ে এ বিষয়ে তারা যে দিকনির্দেশনা দেবেন, তার ভিত্তিতে আবার বসা হবে।

এসময় তিন মন্ত্রী কথা রাখেননি মর্মে সম্পাদক পরিষদের অভিযোগকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। ইনু বলেন, তখন এটাও বলা হয়েছিল, আইনে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন কি করলেন না, তার সঙ্গে আলোচনার কোনো সম্পর্ক নেই। যেকোনো আইন পরিমার্জন করা যায়। এ জন্য সরকার আছে, সংসদ আছে। এ জন্য আলোচনা গুরুত্বপূর্ণ।

‘এরই মধ্যে মন্ত্রিসভার দুটি বৈঠক হয়েছে। তার আগেই প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু মন্ত্রিসভায় আলোচনার পরিবেশ ছিল না বলে সেখানে আলোচনা হয়নি।’ তিনি আরও বলেন, আমরা আশা করছি, যেকোনো সময় আলোচনা হবে। আর আলোচনা হলে আবারও সম্পাদক পরিষদ ও সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হব।

সম্পাদক পরিষদের আগামীকাল সোমবার ডাকা মানববন্ধনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দাবি তোলা গণতান্ত্রিক পন্থা। এ নিয়ে কোনো মন্তব্য নেই। কিন্তু মানববন্ধন করুন আর না করুন, আমরা আলোচনায় আছি।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সমালোচনা
সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সমালোচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের গণতন্ত্র উদ্ধারের ঘোষণাকে জাতির সঙ্গে ঠাট্টা-মশকরা বলেও মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা জোট নয়, এটা ঘোঁট। ঘোঁট পাকানোর মধ্য দিয়ে দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাইছেন তাঁরা।
ইনু বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস-যুদ্ধাপরাধী এবং শিক্ষিত দুর্নীতিবাজকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণতন্ত্র উদ্ধারের ঘোষণা জাতির সঙ্গে ঠাট্টা-মশকরা।
তথ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা ও ১১ লক্ষ্যের আড়ালে জঙ্গি, সন্ত্রাসী ও দুর্নীতিবাজকে রাজনীতিতে ফিরিয়ে আনার প্রকল্প নেয়া হয়েছে। এটা অস্বাভাবিক সরকার আনার প্রস্তাব।
ইনু বলেন, বাংলাদেশে কোনো রাজবন্দী নেই। যারা আছেন, তারা সবাই অপরাধী। খালেদা জিয়া দুর্নীতিবাজ, সাজাপ্রাপ্ত অপরাধী। তারেক রহমান খুনি, দুর্নীতিবাজ ও সাজাপ্রাপ্ত আসামি। এই জোটটা হচ্ছে এসব চিহ্নিত দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে মুক্ত করার প্রকল্প।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.