ইভিএমে ভোট জালিয়াতি ও ভোট চুরির অফুরন্ত সুযোগ থাকবে বলেই বাংলাদেশের অবৈধ সরকার নির্বাচন কমিশনকে দিয়ে জাতীয় নির্বাচনের প্রাক্কালে ইভিএম ব্যবহারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভোটারবিহীন সরকারের দিক থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে বলেই এখন ডিজিটাল মেশিন কারচুপির ওপর নির্ভর করছে অবৈধ শাসকগোষ্ঠী। আমি বিএনপির পক্ষ থেকে ইভিএম ব্যবহারের এ উদ্যোগের তীব্র নিন্দা জানাচ্ছি।
আজ বুধবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের তোড়জোড় দুরভিসন্ধিমূলক ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একমাত্র সরকারি দল ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল, সুধীজন, পেশাজীবী সংগঠনগুলোর অধিকাংশই আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার জন্য মতামত পেশ করেছিল।
তিনি বলেন, ইসিও দীর্ঘদিন ধরে বলে এসেছে সব দল না চাইলে ইভিএম ব্যবহার করা হবে না। কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষের মতামতকে উপেক্ষা করে তড়িগড়ি করে আরপিও সংশোধনের মাধ্যমে ইভিএম ব্যবহারের উদ্যোগ ও নানা ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। নির্বাচনে ইভিএম ব্যবহারের দূরভিসন্ধিমূলক পরিকল্পনা মূলত ইলেকশন ইঞ্জিনিয়ারিং রচনার পটভূমি। ইভিএম নিয়ে বিশ্বজুড়ে যখন হতাশা ও সমালোচনার ঝড় বইছে তখন এই ধরনের উদ্যোগ কার ইশারায় এবং কিসের ইঙ্গিতবাহী তা জাতির কাছে সুস্পষ্ট।
বিএনপির এ নেতা বলেন, জনগণের দল হিসেবে জনমতের প্রতি বিএনপি’র চিরন্তন দায়বদ্ধতা রয়েছে। তাই আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করছি যেখানে জনগণের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও দাবির প্রতিফলন ঘটবে।
রিজভী বলেন, ঈদের পর রাজধানীসহ দেশের সব থানায় বিএনপি নেতাদের নামে এবং অজ্ঞাত নামা ব্যক্তির নামে মামলা দেয়া হয়েছে। ইতোমধ্যে অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকের পরে রিমান্ডে নিয়ে চালানো হচ্ছে অকথ্য নির্যাতন। আমি পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরফত আলী শপু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, নিপুন রায় চৌধুরী প্রমুখ।