পরিবেশ দূষণ রোধে ঢাকার আশপাশের সবগুলো ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের অবৈধ ইটভাটাগুলো ১৫ দিনের মধ্যে বন্ধ করতে হবে। এসব ইট ভাটার বিরুদ্ধে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনারও নির্দেশ দিয়েছেন আদালত।
এদিন রিটের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
ঢাকার বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত (২১ জানুয়ারি) প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২৭ জানুয়ারি একটি রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি নিয়ে পরের দিন ২৮ জানুয়ারি আদালত রুলসহ ঢাকা মহানগরীতে ‘ধুলাবালিপ্রবণ’ এলাকাগুলোতে সকাল ও বিকেলে দু’বার পানি ছিটাতে ঢাকার দুই সিটিকে নির্দেশ দেন আদালত। পরে পানি ছেটানো হয়েছে কি না সে বিষয়ে ব্যাখ্যা জানতে দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলবও করেন হাইকোর্ট। এরপর গত ৫ মে তাদের আদালতে ভর্ৎসনাও করা হয়।