Friday, August 14

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে সবাই বৈধ, উত্তরে বাতিল ১

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে দুই সিটিতেই সাতজন করে মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে ঢাকা উত্তরে জাতীয় পার্টি (জাপা) মনোনীত জি এম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ১৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

দুই সিটিতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-এই তিন পদে সব মিলিয়ে ১ হাজার ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে এবার। এদের মধ্যে মেয়র পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত কয়েকদিনে দুই সিটিতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২ হাজার ২৬০ জন।

ডিএসসিসির প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

ডিএনসিসির মেয়র পদে যে সাতজন মনোনয়নপত্র জমা দেন তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, জাতীয় পার্টি-জাপার জি এম কামরুল ইসলাম, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, সিপিবির সাজেদুল হক ও এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

অন্যদিকে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, মেয়র পদে সাতজনসহ মোট ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এই সিটিতে কোনো মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.