ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) এলাকায় বাংলাদেশ জাতীয়বতাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। হামলা ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার সময় ক্যাম্পাসের হাকিম চত্ত্বরে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলকে স্বাক্ষাৎকার দিতে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এ সময় নেতাকর্মী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস হাকিম চত্ত্বরে এসে শ্যামলকে বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে চলে যেতে বলেন। কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে চলে আসলে সনজিতের অনুসারীরা রড ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করেন। এতে ছাত্রদলের অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৫ নেতাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে আহতদের দেখতে মেডিকেল কলেজ হাসপাতালে যান ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রতিদিনের মতো সকালে মধুর ক্যান্টিনে যাই। সেখান থেকে বের হয়ে টিএসসির দিকে এগোচ্ছিলাম। ঠিক তখনি ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের পিছু নেয় ও অতর্কিত হামলা চালায়।’
মারধরের অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সঙ্গে কথা বলতে তার ব্যক্তিগত মুঠোফোনে বেশ কয়েকবার রিং করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।