বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের দ্বিতীয় জানাজার নামাজ আজ(সোমবার) সকাল সোয়া ১০টায় নয়াপল্টনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, ডা. এজেডএম জাহিদ হোসেন, আহম্মদ আজম খান, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবদীন, উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
জানাজার নামাজ পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেছারুল হক। এছাড়া ২০ দলীয় জোট শরিক জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দারও জানাজায় অংশ নেন।
রোববার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তরিকুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
রোববার সন্ধ্যায় তরিকুল ইসলামের মরদেহ তার ঢাকার শান্তিনগরের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনরা দেখার পর রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয় মরদেহ।
এদিকে বরেণ্য এই রাজনীতিকের মৃত্যুতে আজ শোক পালন করছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির অফিসে দলীয় ও কালো পতাকা তোলা হয়েছে এবং নেতা-কর্মীদেরকে বুকে কালো ব্যাজ ধারণ করতে দেখা গেছে। এর আগে রোববার রাতে শান্তিনগর মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় যশোর ঈদগাঁ মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কারবালা কবরস্থানে দাফন করা হবে।