জোড়া ধাক্কায় কাঁপছে বাংলাদেশ। ঘরের মাঠে বড় স্কোর গড়তে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অজি স্পিনার নাথান লায়নের বলে এলবিডাব্লিউ হয়ে মাত্র ৯ রান করে ফিরেছেন সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার অন্য নাম তামিম। তামিমের বিদায়ের পর ইমরুল কায়েসও ব্যর্থতার পরিচয় দিলেন। সেই নাথান লায়নের বলেই এলবিডাব্লিউ হওয়ার আগে তার সংগ্রহ ৪ রান। যদিও আম্পায়ার প্রথমে আউট দেন নি; রিভিউ নিয়ে ইমরুলকে ফেরাল অস্ট্রেলিয়া।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই নিয়ে টানা দুই টেস্টেই টস হারল অস্ট্রেলিয়া। ঢাকা টেস্ট জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে মুশফিক বাহিনী। প্রথমবারের মতো কোনো সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর হাতছানি। এ ছাড়া প্রথম ম্যাচে জেতার পর কখনও টেস্ট সিরিজ হারেনি বা ড্র করেনি টিম টাইগার।
মিরপুর শের-ই-বাংলার উইকেটের মতই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটও স্পিনারদের পক্ষেই কথা বলবে। তাই একাদশে মাত্র ১ পেসার রেখেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে একজন ব্যাটসম্যান বেশি খেলানোর সম্ভাবনার কথা গতকালই শোনা গিয়েছিল। আজ সেটা বাস্তবায়িত হলো। ১৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়ে আবার নাটকীয়ভাবে ফেরা মুমিনুল হক স্থান পেয়েছেন একাদশে। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে পেসার শফিউল ইসলামকে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক+ উইকেটকিপার), সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।